নরসিংদীর পাঁচদোনা বাজারে অবস্থিত উপমহাদেশের বিশিষ্ট মনীষী ভাই গিরিশচন্দ্র সেন-এর ঐতিহাসিক বাড়িটি আজ বিলুপ্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। গত ৪ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ, দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়িটি বর্তমানে সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িটির দেখভালের জন্য লোক নিয়োজিত থাকার কথা থাকলেও বাস্তবে তার কোনো কার্যকর উপস্থিতি লক্ষ্য করা যায়নি। প্রতিবেদকের একাধিকবার সেখানে গিয়ে খোঁজ নেওয়ার পরও সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি, যা এলাকাবাসীর মধ্যে হতাশা সৃষ্টি করেছে।
উল্লেখ্য, ভাই গিরিশচন্দ্র সেন ছিলেন এমন এক অসাধারণ ব্যক্তিত্ব, যিনি সনাতন ধর্মাবলম্বী হয়েও ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ পবিত্র কোরআন শরীফ প্রথমবারের মতো বাংলায় অনুবাদ করেন। তাঁর এই অবদান শুধু ধর্মীয় সহনশীলতারই নয়, বরং মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আজও সমাদৃত।
এমন একজন মহান ব্যক্তির স্মৃতিবিজড়িত বাড়িটি অবহেলায় ধ্বংসের দিকে এগিয়ে যাওয়া সত্যিই দুঃখজনক। স্থানীয় সচেতন মহল মনে করেন, দ্রুত সরকারি ও বেসরকারি উদ্যোগে বাড়িটি সংরক্ষণ করা না হলে ভবিষ্যৎ প্রজন্ম এই ঐতিহাসিক নিদর্শন থেকে বঞ্চিত হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তারা আশা প্রকাশ করেন, যথাযথ সংরক্ষণ ও সংস্কারের মাধ্যমে গিরিশচন্দ্র সেনের স্মৃতিবিজড়িত এই বাড়িটি পুনরায় তার মর্যাদা ফিরে পাবে এবং ইতিহাসের সাক্ষী হয়ে টিকে থাকবে।
