ফরিদপুরের মধুখালীতে ট্রেনের ধাক্কায় তায়েব ও তাহমিদ নামের চার বছর বয়সী যমজ দুই শিশু নিহত হয়েছে। আজ বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের ভূষণালক্ষণদিয়া গ্রামের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই এলাকার আকাশ শেখের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা দেড়টায় রাজবাড়ী থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়ার দিকে যাচ্ছিল। এ সময় ওই দুই শিশু রেলক্রসিং-সংলগ্ন একটি দোকানে চকলেট কিনতে যায়। এ সময় তাঁরা দ্রুত রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, রেলক্রসিংটি অরক্ষিত অবস্থায় রয়েছে। ওই ক্রসিং দিয়ে চার-পাঁচটি গ্রামের বাসিন্দাদের যাতায়াত রয়েছে। এর আগে একাধিক দুর্ঘটনায় অন্ততপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। তাঁরা এই রেলক্রসিংয়ে গেটম্যান নিয়োগের দাবি জানান।
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তাঁরা পৌঁছালে লাশ দুটি উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
