বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) নাক-কান-গলা (ইএনটি) বহির্বিভাগে চিকিৎসা সেবা থাকলেও প্রয়োজনীয় পরীক্ষার যন্ত্রপাতি না থাকায় রোগীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
হাসপাতালে প্রতিদিন অসংখ্য রোগী নাক, কান ও গলার বিভিন্ন সমস্যার চিকিৎসা নিতে আসেন। চিকিৎসকরা রোগী দেখলেও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য পর্যাপ্ত মেশিন বা আধুনিক যন্ত্রপাতি না থাকায় রোগীদের বাধ্য হয়ে হাসপাতালের বাইরে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করাতে হচ্ছে।
রোগীদের অভিযোগ, হাসপাতালের ভেতরে পরীক্ষার ব্যবস্থা না থাকায় বাইরে গিয়ে পরীক্ষা করতে হলে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে। অনেক দরিদ্র রোগীর পক্ষে এই অতিরিক্ত খরচ বহন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। বাকেরগঞ্জ থেকে চিকিৎসা নিতে আসা মোতালেব মোল্লা রোগী জানান, এত বড় হাসপাতাল নেই কোন পরীক্ষার যন্ত্র নেই,
সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এলেও পরীক্ষার জন্য বাইরে পাঠানো হয়, যেখানে পরীক্ষার খরচ অনেক বেশি। এতে সাধারণ মানুষের আর্থিক চাপ বাড়ছে।
এ বিষয়ে সংশ্লিষ্টদের দাবি, নাক-কান-গলা বিভাগের প্রয়োজনীয় আধুনিক মেশিন ও পরীক্ষার সরঞ্জাম দ্রুত সরবরাহ করা হলে রোগীরা হাসপাতালের মধ্যেই সেবা পেতে পারবেন এবং তাদের ভোগান্তি অনেকটাই কমবে।
সাধারণ রোগীরা দ্রুত এ সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
