সিরাজগঞ্জের তাড়াশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালতের ঝটিকা অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির দায়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ অবৈধ মজুতকৃত পেট্রোল জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) তাড়াশ উপজেলার বিনসাড়া বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান।
জানা যায়, বিনসাড়া বাজারে অবস্থিত ‘মেসার্স মোল্লা এন্টারপ্রাইজ’ নামক একটি প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে তেল বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সত্যতা মেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানের মালিক প্রোঃ মোঃ শাহ আলম মোল্লা-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে ওই প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে মজুত করা প্রায় ৩৯৫ লিটার দাহ্য পদার্থ (পেট্রোল) জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে এবং জনস্বার্থে প্রশাসনের এই নজরদারি অব্যাহত থাকবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি বা অতিরিক্ত মুনাফা আদায়ের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
