পাবনার ফরিদপুর উপজেলার কুচলিয়া এলাকায় চিকনাই নদীর উপর নির্মাণাধীন একটি পাকা ব্রিজের কাজ শুরু হওয়ার চার বছর পার হলেও এখনো শেষ হয়নি। দীর্ঘদিন ধরে কাজের ধীরগতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে প্রায় চার বছর আগে কুচলিয়া চিকনাই নদীর উপর একটি পাকা ব্রিজ নির্মাণ কাজ শুরু করা হয়। শুরুতে কাজ কিছুটা এগোলেও পরবর্তীতে তা ধীরগতিতে চলতে থাকে। বর্তমানে ব্রিজটির কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে এবং এটি এখনো ব্যবহার উপযোগী হয়নি।
গ্রামবাসীরা জানান, বহু প্রতীক্ষার পর একটি পাকা ব্রিজ পেলেও তা এখনো কাজে লাগছে না। ঠিকাদার মাঝে মাঝে এসে কিছু কাজ করেন, আবার দীর্ঘ সময় কাজ বন্ধ থাকে। ফলে এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, কাজের এই ধীরগতির কারণে নদী পারাপারে তাদের এখনো পুরোনো ঝুঁকিপূর্ণ ব্যবস্থা ব্যবহার করতে হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ প্রতিদিনই দুর্ভোগের শিকার হচ্ছেন।
এলাকাবাসী আরও বলেন, “চার বছর আগে ব্রিজের কাজ শুরু হয়েছে। আমরা ভেবেছিলাম খুব দ্রুত কাজ শেষ হবে। কিন্তু মাঝে মাঝে কাজ করে আবার বন্ধ রাখা হয়। কেন এমন হচ্ছে তা আমরা বুঝতে পারছি না।
এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্ত করে ব্রিজ নির্মাণ কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, গুরুত্বপূর্ণ এই ব্রিজ নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় এর পেছনের কারণ খতিয়ে দেখা প্রয়োজন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

