শনিবার, ১৪ মার্চ ২০২৬

বাসুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

মোহাম্মদ হানিফ ফেনী জেলা সংবাদদাতা

ফুলগাজী সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে স্থানীয়দের ক্ষোভ; দ্রুত তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের
ফেনীর ফুলগাজী উপজেলার ফুলগাজী সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসুড়া গ্রামে বাসুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কের নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, নির্মাণকাজে তিন থেকে চার নম্বর মানের ইট ব্যবহার করা হচ্ছে, যা সড়কের স্থায়িত্ব ও গুণগত মান নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বাসুড়া গ্রামের গুরুত্বপূর্ণ এই সড়কটির উন্নয়ন কাজ শুরু হয়। সড়কটি বাসুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষের দৈনন্দিন চলাচলের প্রধান পথ। কিন্তু নির্মাণকাজ শুরুর পর থেকেই এলাকাবাসী ইটের মান নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছেন।
এলাকাবাসীর অভিযোগ, সড়ক নির্মাণে ব্যবহৃত অনেক ইট হাত দিয়েই ভেঙে যাচ্ছে এবং সেগুলোতে পর্যাপ্ত শক্তি নেই। সাধারণত সরকারি সড়ক নির্মাণে প্রথম বা দ্বিতীয় শ্রেণির ইট ব্যবহারের কথা থাকলেও এখানে নিম্নমানের তিন থেকে চার নম্বর ইট ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেন তারা। এতে করে অল্প সময়ের মধ্যেই সড়কটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
গ্রামের একাধিক বাসিন্দা জানান, “এই সড়কটি আমাদের গ্রামের গুরুত্বপূর্ণ পথ। প্রতিদিন স্কুলের শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ এই রাস্তা ব্যবহার করেন। যদি নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণ করা হয়, তাহলে বর্ষা মৌসুম আসার আগেই এটি ভেঙে যেতে পারে।”
আরেকজন স্থানীয় বাসিন্দা বলেন, “সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য বিপুল অর্থ ব্যয় করছে। কিন্তু ঠিকাদার যদি নিম্নমানের সামগ্রী ব্যবহার করেন, তাহলে সেই উন্নয়নের সুফল জনগণ পাবে না।”
এলাকাবাসীর অভিযোগ, নির্মাণকাজে তদারকির অভাবও রয়েছে। যথাযথভাবে কাজের মান পরীক্ষা করা হলে এ ধরনের নিম্নমানের উপকরণ ব্যবহার করার সুযোগ থাকত না বলে তারা মনে করেন।
এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্ত করার দাবি জানিয়েছেন। তারা আশা করছেন, প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সড়ক নির্মাণে সঠিক মান বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
স্থানীয় সচেতন মহল মনে করেন, গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পগুলোর কাজে যদি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়, তবে সরকারি অর্থের সঠিক ব্যবহার হবে এবং দীর্ঘস্থায়ী অবকাঠামো গড়ে তোলা সম্ভব হবে।
এদিকে এলাকাবাসী বলছেন, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করবেন। একই সঙ্গে সড়ক নির্মাণে মানসম্মত উপকরণ ব্যবহার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন