ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে রেলওয়ে পুলিশের সহযোগিতায় দীর্ঘ ৮ মাস ১২ দিন আগে কুমিল্লা থেকে হারিয়ে যাওয়া শিশু আবদুল্লাহ (১০) অবশেষে তার পরিবারের কাছে ফিরে পেয়েছে।
রেলওয়ে সূত্রে জানা যায়, প্রায় আট মাস আগে আবদুল্লাহ স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এ সময় ভুলক্রমে একটি ট্রেনে উঠে পড়ে সে। এরপর আর তার বাড়ি ফেরা হয়নি। দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকায় তাকে খুঁজতে খুঁজতে পরিবারের সদস্যরা প্রায় দিশেহারা হয়ে পড়েন।
গতকাল রাত প্রায় ৯টার দিকে ঈশ্বরদী রেলওয়ের এসএসএই (সিগন্যাল) শিশুটিকে দেখতে পান। পরে তাকে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর কর্তব্যবোধ ও মানবিকতার তাগিদে রেলওয়ে পুলিশ এবং স্থানীয়দের উদ্যোগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রচার করা হয়। ধীরে ধীরে কথা বলা শিশুটির দেওয়া তথ্যের ভিত্তিতে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।
ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, খবর পেয়ে শিশুটির দুই ভাই ফাহিম ও রিশাত থানায় এসে তাকে দেখতে পান। এ সময় আবদুল্লাহ দুই ভাইকে জড়িয়ে ধরে এবং তাদের মুখ ও কপালে হাত রেখে দীর্ঘদিনের না-পাওয়ার কষ্টের এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। উপস্থিত সবাই সেই দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন।
তিনি আরও জানান, সেই মুহূর্তে নিজেকে সামলে রাখা কঠিন হয়ে পড়েছিল। হয়তো এটিই মানবতা। আমরা ছোট্ট একটি চেষ্টা করেছি—শিশুটির নোংরা পোশাক পরিবর্তন করে তাকে নতুন একটি পোশাক পরিয়ে দিয়েছি।

