শনিবার, ৭ মার্চ ২০২৬

সিংড়ায় পুলিশের ওপর গ্রামবাসীর হামলা: ৩ সদস্য আহত

​রাজিকুল ইসলাম , সিংড়া (নাটোর) প্রতিনিধি

​নাটোরের সিংড়ায় স্থানীয়দের সঙ্গে কথা কাটাকাটির জেরে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে এক উপ-পরিদর্শকসহ (এসআই) পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের থেলকুড় গ্রামে এ ঘটনা ঘটে।

​আহত পুলিশ সদস্যরা হলেন— সিংড়া থানার এসআই নেজাম ইসলাম, কালিগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই বিপ্লব কুমার রায় এবং কনস্টেবল আশরাফুল ইসলাম। আহতদের মধ্যে কনস্টেবল আশরাফুলকে পাশের নন্দীগ্রাম উপজেলার একটি হাসপাতালে এবং বাকি দুজনকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
​
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে থেলকুড় গ্রামের সিয়াম আলী (১৯) নামে এক যুবক সরিষা মাড়াইয়ের কল নিয়ে মাঠে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। গাড়িটি উল্টে গেলে তার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন সিয়াম। স্থানীয়রা তাকে উদ্ধার করে নন্দীগ্রামের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
​
রাতেই সিয়ামের মরদেহ বাড়িতে আনা হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ সদস্যরা মরদেহের দাফন সম্পন্ন করার আগে হাসপাতাল থেকে প্রাপ্ত মৃত্যুর সঠিক কাগজপত্র থানায় জমা দেওয়ার পরামর্শ দেন। এই প্রক্রিয়া নিয়ে কথা বলার এক পর্যায়ে উপস্থিত স্থানীয় লোকজনের সঙ্গে পুলিশ সদস্যদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্য আহত হন।
​
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
​আহত পুলিশ সদস্যরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন