টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সোনা মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে যমুনা সেতু বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার সোনা মিয়া কালিহাতী উপজেলার বল্লভবাড়ী, গোহেলাবাড়ী গ্রামের বাসিন্দা। তার পিতার নাম ছাইদ মিয়া।
অভিযান পরিচালনা করেন ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব হাসান। এ সময় ভূঞাপুর থানা পুলিশের একটি চৌকস দল উপস্থিত থেকে সহযোগিতা করে। আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রাথমিক প্রমাণ ও স্বীকারোক্তির ভিত্তিতে আদালত তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি ১০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত কারাভোগের আদেশ দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সমাজে মাদকের বিস্তার রোধ এবং যুবসমাজকে সুরক্ষিত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
স্থানীয় বাসিন্দারা অভিযানে সন্তোষ প্রকাশ করে মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন।

