বুধবার, ১ এপ্রিল ২০২৬

নবীরন্নেছা মেমোরিয়াল পাবলিক স্কুলে বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ ফরহাদুল ইসলাম, ‎স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ

‎গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় অবস্থিত নবীরন্নেছা মেমোরিয়াল পাবলিক স্কুলে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান–২০২৬।
‎
‎সোমবার (০২ জানুয়ারি ২০২৬) সকালে যুগীরচালা রহমত ১ নম্বর গেইট সংলগ্ন বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে।
‎
‎“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল”—এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানের সূচনা করা হয়। শুরুতেই অতিথিদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব কাজী ছাইয়েদুল আলম বাবুল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) এবং গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য সচিব।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং যারা বিজয়ী হতে পারেনি, তাদের হতাশ না হয়ে ভবিষ্যতে আরও ভালো করার আহ্বান জানান।
‎
‎এ সময় তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সন্তানদের নিয়মিত খেলাধুলার সুযোগ দিতে হবে, যাতে তারা অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থেকে সুশিক্ষিত, নৈতিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে এবং ভবিষ্যতে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে সক্ষম হয়।
‎
‎বক্তব্যের শেষাংশে তিনি নবীরন্নেছা মেমোরিয়াল পাবলিক স্কুলের সার্বিক উন্নয়ন ও সাফল্য কামনা করেন।
‎
‎অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. ফরহাদ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুরুজ আহমেদ ও সেলিম আহমেদ।
‎
‎শেষপর্যায়ে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।
‎
‎এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব, শৃঙ্খলা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন