পাবনার সুজানগরের অলিগলিতে ইয়াবার ব্যবসা জমজমাট ভাবে চলছে। পাশাপাশি স্থানীয় স্কুল-কলেজের কতিপয় কমলমতি শিক্ষার্থীরাও ইয়াবার মরণ ফাঁদে আটকে পড়ছে। কোনভাবেই যেন ইয়াবার ব্যবসা প্রতিরোধ করা যাচ্ছেনা। বরং দিন যত যাচ্ছে এ উপজেলায় ইয়াবার ব্যবসা ততো বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে মাদকসেবীর সংখ্যাও। আগে সমাজের এক শ্রেণির মানুষ গোপনে এবং লোক চক্ষুর অন্তরালে ইয়াবাসেবন করতো। কিন্তু বর্তমানে উঠতি বয়সী যুবক এবং শিক্ষার্থীদের পাশাপাশি নানা শ্রেণি পেশার মানুষ প্রকাশ্যে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন করছে।
খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিন দেশের সীমান্তবর্তী উপজেলা বাঘা, লালপুর এবং ঈশ্বরদীসহ বিভিন্ন এলাকা থেকে এ উপজেলায় জোয়ারের পানির মতো আসছে ইয়াবা। এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা আইন-শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে উপজেলার অলিগলিতে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য বিক্রি করছে। একাধিক সূত্র জানায়, উপজেলার সাতবাড়ীয়া, আহম্মদপুর, চিনাখড়া, দুলাই, চরগোবিন্দপুর, সাগরকান্দী বাজার, শ্যাম সুন্দরপুর বাজার, খলিলপুর বাজার, নাজিরগঞ্জ বাস স্ট্যান্ড, বাঘুলপুর বাজার এবং পৌরসভার মসজিদপাড়া, নন্দিতাপাড়া ও একেনের মোড়সহ ৮/১০টি স্পট ইয়াবা বিক্রির অন্যতম আস্তানা।
এছাড়াও উপজেলার নির্দিষ্ট কিছু চায়ের দোকান এবং ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানেও পাওয়া যায় ইয়াবা। এলাকার উঠতি বয়সী যুবকদের পাশা-পাশি এক শ্রেণির স্কুল-কলেজের শিক্ষার্থীরা ইয়াবাসেবন করে একদিকে তাদের সম্ভাবনাময় ভবিষ্যতকে ধবংস করছে, অন্যদিকে তাদের দ্বারা এলাকায় ঘটছে আইন-শৃঙ্খলার অবনতি।
সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ ফইম উদ্দিন বলেন শুধু ইয়াবা নয়, যেকোন ধরনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। পুলিশের মাদকবিরোধী অভিযানে মাঝে মধ্যেই ২/৪জন করে মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার হচ্ছে। মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
