সিরাজগঞ্জ-৩ আসন (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) এলাকায় পরিবর্তনের পক্ষে গণজোয়ারের ইঙ্গিত দিল মাধাইনগরের বিশাল জনসভা। শনিবার মাধাইনগরে অনুষ্ঠিত এই জনসভায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, খণ্ড খণ্ড মিছিল ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক বলেন, “মাধাইনগরের আজকের জনসভায় মানুষের যে ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছি, তা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। খণ্ড খণ্ড মিছিল আর স্লোগানে প্রমাণ হয়েছে—এই অঞ্চলের মানুষ পরিবর্তনের পক্ষে।”
তিনি আরও বলেন, “তাড়াশ-চলনবিলের মাটি সংগ্রামের প্রতীক। আপনাদের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে ন্যায়, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার পথে।” মাধাইনগরের আদিবাসী জনগোষ্ঠীর প্রসঙ্গে তিনি বলেন, “ধর্ম বা জাতিগোষ্ঠীর ভেদাভেদ নয়—আমরা সবাই বাংলাদেশি। আদিবাসী ভাই-বোনেরা এই দেশের গর্ব।”
ভিপি আয়নুল হক নির্বাচিত হলে মাধাইনগর কলেজকে এমপিওভুক্ত করা এবং এলাকার একমাত্র গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারকে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, “ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি গণতন্ত্রের প্রতীক। চলনবিলের মাটি ও মানুষের শক্তি নিয়েই আমরা এগিয়ে যাবো, ইনশাআল্লাহ।”
এ সময় তিনি সবার কাছে দোয়া ও ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, স ম আফছার আলী (সাবেক সভাপতি, তাড়াশ উপজেলা বিএনপি), আমিনুর রহমান টুটুল (সাবেক সাধারণ সম্পাদক, তাড়াশ উপজেলা বিএনপি)।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
জনসভা শেষে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয়দের মতে, এই জনসভা আসন্ন নির্বাচনে এলাকায় রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
