সিরাজগঞ্জ-৩ আসনের জননন্দিত নেতা ও বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক বলেছেন, পবিত্র কুরআন ও সুন্নাহর মহান আদর্শকে ধারণ করে একটি ইনসাফভিত্তিক ও সমৃদ্ধ জনপদ বিনির্মাণই আমার রাজনীতির মূল লক্ষ্য।
গত শুক্রবার বিকেলে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ী মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তাপস শ্রেষ্ঠ অলিয়ে কামেল হযরত শাহ্ শরীফ জিন্দানি (র:) এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী যাত্রা শুরু করে ভিপি আয়নুল তার ভাষণে গভীর রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের এই কাণ্ডারি তার আবেগঘন বক্তব্যে এক অনন্য নৈতিক অবস্থান তুলে ধরেন। তিনি জনতার উদ্দেশে স্পষ্টভাবে বলেন, “যারা নিজের মাকে ভালোবাসেন না, তারা আমাকে ভোট দেবেন না।” জননী ও জন্মভূমির প্রতি দায়বদ্ধতার এই ডাক উপস্থিত হাজারো মানুষের হৃদয়ে গভীর দাগ কাটে।
তিনি দৃঢ়তার সাথে ঘোষণা করেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এবং জনগণের প্রত্যক্ষ ভোটে তিনি নির্বাচিত হলে এই ঐতিহাসিক নওগাঁ থেকেই উন্নয়নের মহাপরিকল্পনা বাস্তবায়িত হবে। একজন বিজ্ঞ ও আদর্শবান রাজনীতিবিদের ন্যায় তিনি অঙ্গীকার করেন যে, তার নির্বাচনী এলাকায় কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সন্ত্রাসীর স্থান হবে না। সকল ধর্মের মানুষের সহাবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান নির্বিশেষে প্রতিটি মানুষ এখানে নাগরিক অধিকার নিয়ে নিরাপদে বসবাস করবে।
উক্ত জনসভাটি নওগাঁ ৪ নম্বর ওয়ার্ড বিএনপি’র বিশেষ আয়োজনে অনুষ্ঠিত হয়। সভায় তাড়াশ উপজেলা বিএনপির কর্ণধার খন্দকার সেলিম জাহাঙ্গীর, বর্ষীয়ান নেতা স ম আফসার আলী ও জয়নুল আবেদিন মাহবুব টুটুলসহ রায়গঞ্জ ও সলঙ্গার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিশাল এই জনসমুদ্রে উপস্থিত হাজারো জনতার স্বতঃস্ফূর্ত সমর্থন ও স্লোগানে মুখরিত রাজবাড়ী মাঠ ভিপি আয়নুলের বলিষ্ঠ নেতৃত্বে আগামীর একটি শান্তিময় ও আধুনিক তাড়াশ-রায়গঞ্জ-সলঙ্গার স্বপ্ন নতুন করে জাগ্রত করে।

