সোমবার, ৬ এপ্রিল ২০২৬

কেশবপুরে নেশার টাকার জন্য পিতাকে হত্যা

কেশবপুর (যশোর) প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ

যশোরের কেশবপুর উপজেলায় নেশার টাকার জন্য নিজের পিতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। নিহতের নাম আজিজ শেখ (৭২)। অভিযুক্ত ছেলে ইয়াসিন শেখ (২৬), যিনি ইদ্রিস ওরফে সাগর নামেও পরিচিত। ঘটনাটি উপজেলার বড় পাথরা গ্রামে সংঘটিত হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল দুপুর আনুমানিক ১টার দিকে নেশাগ্রস্ত অবস্থায় ইয়াসিন তার পিতার কাছে ৫০০ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে পিতা–পুত্রের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ইয়াসিন মেহগনি (মেহেন্দি) গাছ কাটার কাজে ব্যবহৃত একটি ভারী ডাল দিয়ে তার পিতার মাথায় সজোরে আঘাত করে।
এতে আজিজ শেখের মাথা ফেটে গুরুতর রক্তক্ষরণ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে সব প্রচেষ্টা ব্যর্থ করে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ২টার দিকে তিনি মারা যান।
নিহতের স্বজনরা জানান, ইয়াসিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া-বিবাদে জড়াতেন। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুকদেব রায় জানান, ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে একটি বার্তার মাধ্যমে জানা গেছে, মেহগনি গাছের ডাল দিয়ে মাথায় আঘাতের কারণেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের মরদেহ গোপনে দাফনের প্রস্তুতি চলছিল বলেও জানা গেছে।
পুলিশ জানায়, ঘটনার পর থেকেই অভিযুক্ত ইয়াসিন পলাতক রয়েছে। নিহত আজিজ শেখের পরিবারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন