সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনে জাতীয় স্বার্থে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীকে সমর্থনের ঘোষণা দিয়েছেন মোহাম্মদ আব্দুস সামাদ। কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনা অনুযায়ী তিনি জাতীয় সংসদ সদস্য পদে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন।
এক বিবৃতিতে মোহাম্মদ আব্দুস সামাদ বলেন, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সিরাজগঞ্জ-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে জনাব মুফতি আব্দুর রউফ ১০ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি আরও জানান, দেশের বৃহত্তর স্বার্থে ১০ দলীয় ঐক্যের প্রার্থীকে সমর্থন দেওয়া হবে এবং গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নেওয়া হয়েছে।
তিনি সিরাজগঞ্জ-৩ আসনের ভোটারদের উদ্দেশে বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় সাধারণ মানুষের আবেগ, অনুভূতি, কষ্ট ও ত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করা হচ্ছে। এ সময় তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের অক্লান্ত পরিশ্রম এবং ত্যাগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি দেশ ও জাতির স্বার্থে সকলকে ধৈর্য, প্রজ্ঞা ও ঐক্যের সঙ্গে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সিরাজগঞ্জ-৩ আসনে মনোনয়ন প্রত্যাহার ও ঐক্যবদ্ধ সমর্থনের এই ঘোষণা নির্বাচনী মাঠে নতুন সমীকরণ সৃষ্টি করতে পারে এবং ১০ দলীয় ঐক্যের অবস্থানকে আরও শক্তিশালী করবে।
