গুণী গীতিকার ডা. সাবরিনা রুবিনের কথায় ‘চলো না হারিয়ে যাই’ শীর্ষক একটি গান খুব শীঘ্রি প্রকাশ পাচ্ছে। অপু আমানের সুর ও সংগীত আয়োজনে নির্মিত এই ডুয়েট গানে কণ্ঠ দিয়েছেন দুই প্রজন্মের দুই শিল্পী রিজভী লোটাস এবং ফারজানা ইয়াসমিন সিলভিয়া। ভিন্ন ভিন্ন ধারার এই দুই শিল্পীর কণ্ঠে গানটি পেয়েছে এক অনন্য মাত্রা, যেখানে নতুন ও পুরোনোর মেলবন্ধনে সৃষ্টি হয়েছে এক মনোমুগ্ধকর সুরের আবেশ।
গায়িকা ফারজানা ইয়াসমিন সিলভিয়া’র কণ্ঠে রয়েছে আধুনিকতা ও শেকড়ের মেলবন্ধন। তার গায়কীতে রয়েছে গভীর আবেগ, পরিমিত অভিব্যক্তি ও সময়কে ধারণ করার সক্ষমতা। বিশেষ করে জিঙ্গা গোষ্ঠীর নাজমা জামানের গান সিলভিয়া’র কণ্ঠে নতুন এক রূপ পেয়েছে, যেখানে পুরোনো দিনের আবহ আর নতুন সময়ের অনুভব মিলেমিশে তৈরি করেছে এক অপরূপ সুরের জাদু। পুরাতন ও নতুনের এই সংমিশ্রণই তার গানের অন্যতম শক্তি।
রিজভী লোটাস মূলত একজন সুপ্রতিষ্ঠিত রবীন্দ্রসংগীত শিল্পী। রবীন্দ্রসংগীতের সূক্ষ্ম আবেগ, ভাবগম্ভীরতা ও শুদ্ধতার সঙ্গে তার কণ্ঠের নিবিড় সংযোগ শ্রোতাদের কাছে তাকে আলাদা করে চেনায়। তবে রবীন্দ্রসংগীতেই সীমাবদ্ধ নন তিনি। আধুনিক গান ও লোকগানের ক্ষেত্রেও রিজভীর দক্ষতা ও সাবলীলতা সমানভাবে প্রশংসিত। সাম্প্রতিক সময়ে রেডিও, টেলিভিশন এবং বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চে নিয়মিত পরিবেশনার মাধ্যমে তিনি শ্রোতামহলে বেশ সুনাম কুড়িয়েছেন।
গানটি নিয়ে গীতিকার ডা. সাবরিনা রুবিন বলেন, আমার লেখা এই গানটিতে রিজভী লোটাস ও ফারজানা ইয়াসমিন সিলভিয়া’র কণ্ঠের মেলবন্ধনে সৃষ্টি হয়েছে এমন এক সংগীতানুভব, যা শ্রোতাদের হৃদয়ে দীর্ঘদিন অনুরণিত হবে। গানটি শীঘ্রি প্রকাশ পাচ্ছে। এটি শ্রোতা – দর্শকদের ভালো লাগবে আমার বিশ্বাস।
