বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “মুক্তিযুদ্ধকে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্বই থাকবে না।” তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধই আমাদের জাতির ভিত্তি এবং এই ইতিহাস অস্বীকার করার কোনো সুযোগ নেই।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে বাম দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তারেক রহমান বলেন, রাজনৈতিকভাবে মতপার্থক্য থাকলেও গণতন্ত্র, মুক্তিযুদ্ধ ও দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি উল্লেখ করেন, একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন অপরিহার্য।
তিনি আরও বলেন, “যারা ১৯৭১ সালের ইতিহাসকে খাটো করে দেখতে চায় বা বিতর্কিত করতে চায়, তারা মূলত দেশের অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করে।” এ সময় তিনি রাজনৈতিক সহনশীলতা বজায় রেখে জাতীয় স্বার্থে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
বৈঠকে উপস্থিত বাম দলগুলোর নেতারাও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সম্মিলিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

