সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে প্রায় ১৪ লাখ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৫ জানুয়ারি) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর আওতাধীন কাকডাঙ্গা ও মাদরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একাধিক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ওষুধ, শাড়ি এবং ১১ বোতল ভারতীয় উইনসিরাক্স উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, মাদরা বিওপির অধীন দুটি পৃথক আভিযানিক দল কলারোয়া থানার আনারস বাগান ও মাদরা এলাকায় অভিযান চালিয়ে ৩৯ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় উইনসিরাক্স ও শাড়ি জব্দ করে। একই দিনে কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল সীমান্তবর্তী গেড়াখালী এলাকায় অভিযান পরিচালনা করে ১৩ লাখ ৩০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় ওষুধ আটক করতে সক্ষম হয়।
এসব অভিযানে সর্বমোট ১৩ লাখ ৬৯ হাজার ৪০০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে বলে বিজিবি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তবে অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি কর্তৃপক্ষ আরও জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। দেশের নিরাপত্তা ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
