শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজশাহীর বাঘায় উপজেলা প্রশাসনের উদ্যোগে গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় বাঘা উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদস্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার তমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেরাজুল হক, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনছুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক আঃ লতিফ মিয়া, সাংবাদিক আবু সাঈদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। জাতিকে মেধাশূন্য করতেই এই পরিকল্পিত হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না। স্বাধীন বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক ভিত গড়ে তোলার সংগ্রামে তারা চিরকাল অম্লান অনুপ্রেরণা হয়ে থাকবেন।
আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

