সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দুইজন কর্মী নিহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের নাহার অ্যাগ্রোর সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা সলঙ্গা থানা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে তাদের বহনকারী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতদের পরিবারের সদস্যরা তাদের অকাল মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েন।
এদিকে, এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ-সলঙ্গা) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী মজলুম জননেতা ভিপি আইনুল হক।
তিনি এক শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় তিনি বলেন,“এই মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের দুইজন কর্মীকে হারিয়ে আমি গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তায়ালা যেন তাদের ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি দেন।”
ভিপি আইনুল হক আরও জানান, তিনি নিহতদের পরিবারের পাশে থেকে সবধরনের সহায়তা প্রদান করবেন।
পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে।

