মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

ভূঞাপুরে অটোভ্যান চালকদের ড্রাইভারদের প্রশিক্ষণ শুরু

মোহাম্মদ সোহেল (বিশেষ প্রতিনিধি)

টাঙ্গাইলের ভূঞাপুরে ‘নো কার্ড, নো ড্রাইভ’ নীতির অধীনে অটোরিকশা, ইজিবাইক ও অটোভ্যান চালকদের জন্য বিশেষ ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। চালকদের দক্ষতা উন্নয়ন ও সড়ক দুর্ঘটনা কমানো এই উদ্যোগের প্রধান লক্ষ্য। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে উপজেলা স্বাধীনতা কমপ্লেক্সে পৌর প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন ভূঞাপুর পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা মোটরযান পরিদর্শক এনামুল হক ইমন, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহীউদ্দীন, বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ ও স্থানীয় শ্রমিক নেতারা। প্রশিক্ষণে দুই শতাধিক চালক অংশগ্রহণ করেন। বক্তব্যে পৌর প্রশাসক মো. রাজিব হোসেন বলেন, “চালকদের দক্ষতা বৃদ্ধি এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা আমাদের মূল উদ্দেশ্য। পৌর এলাকায় যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা ও যানজট নিয়মিত ঘটছে। অনেক চালকেরই প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই। এ সমস্যা সমাধানে আমরা তাদের প্রশিক্ষণ দিয়ে একটি পরিচয়পত্র দেব।” তিনি আরও বলেন, “রোড সাইন চেনা, গাড়ির গতি নিয়ন্ত্রণ, সঠিকভাবে গাড়ি ঘোরানো এবং সড়ক পরিবহন আইন সম্পর্কে ধারণা দেয়া-এই বিষয়গুলো নিয়েই প্রশিক্ষণ সাজানো হয়েছে। যেহেতু এসব যানবাহনে সাধারণ মানুষ যাতায়াত করে, তাই ড্রাইভিং সম্পর্কে মৌলিক জ্ঞান না থাকলে দুর্ঘটনা রোধ করা কঠিন।” পৌরসভার ভেতরে গাড়ি চালানোর শর্ত উল্লেখ করে তিনি বলেন, “যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে না বা নিবন্ধনের আওতায় থাকবে না, তারা শুধুমাত্র পৌরসভার বাইরের এলাকায় (ইউনিয়ন) গাড়ি চালাতে পারবেন। তবে পৌরসভার অভ্যন্তরে গাড়ি চালাতে ড্রাইভিং কার্ড থাকা বাধ্যতামূলক করা হয়েছে।” প্রশিক্ষণ শেষে দক্ষ চালকদের পরিচয়পত্র দেয়া হবে বলে জানানো হয়।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন