কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘি সেনা ক্যাম্প সংলগ্ন এলাকায় চট্টগ্রামমুখী “মারছা”
পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও কক্সবাজারমুখী একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের পর প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গাড়িতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্য ও স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের চকরিয়ার বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হন। আহতদের মধ্যে দুইজন নারী রয়েছেন, যাদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
দুর্ঘটনার কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সাময়িক সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করা হয়েছে এবং বিস্তারিত তদন্ত চলছে।

