মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

ফ্ল্যান কেক

ইউ বি টিভি ডেস্ক

বাংলাদেশে অনেকেই এই কেকটিকে পুডিং কেক নামে চিনে থাকেন, কিন্তু আসলে এর আসল নাম ফ্ল্যান কেক। নরম কেক, ক্রিমি পুডিং আর গাঢ় ক্যারামেলের অসাধারণ কম্বিনেশনে তৈরি এই কেক খেতে যেমন চমৎকার, দেখতে তেমনই মনকাড়া। আজ এই কেকের রেসিপিটি দিয়েছেন রন্ধনশিল্পী ইভা বিনতে সানোয়ার।
উপকরণ ও প্রস্তুত প্রণালি………….
#ধাপ ১ : ক্যারামেল তৈরি
উপকরণ :
চিনি কোয়ার্টার কাপ, পানি ২ টেবিল চামচ, বাটার বা তেল আধা চা চামচ (পাত্র মাখানোর জন্য)
প্রস্তুত প্রণালি :
১. কেক তৈরির পাত্রে হালকা করে তেল বা বাটার মাখিয়ে নিতে হবে।
২. একটি প্যানে চিনি ও পানি দিয়ে মাঝারি আঁচে বসাতে হবে।
৩. চিনি গলতে শুরু করলে অনবরত নাড়তে থাকতে হবে।
৪. ধীরে ধীরে যখন রং বাদামি হতে শুরু করবে এবং ক্যারামেল ঘন হয়ে আসবে, সঙ্গে সঙ্গে চুলা থেকে নামিয়ে নিতে হবে।
৫. প্রস্তুত ক্যারামেলটা পুডিং তৈরির পাত্রে ঢেলে দিতে হবে এবং একপাশে ঠান্ডা হতে দিতে হবে।
#ধাপ ২ : পুডিং তৈরি
উপকরণ :
ঘন দুধ ১ কাপ, ডিম ২টি, চিনি আধা কাপ, ভ্যানিলা এসেন্স আধা চা চামচ।
প্রস্তুত প্রণালি :
১. দুই কাপ দুধ ফুটিয়ে ১ কাপ ঘন দুধ তৈরি করতে হবে।
২. স্বাদমতো চিনি দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে চুলা বন্ধ করতে হবে। (যদি কনডেন্সড মিল্ক ব্যবহার করা হয়, তাহলে দুধ ঠান্ডা করে তারপর দিতে হবে)
৩. ঠান্ডা হলে ডিমগুলো ভালোভাবে হুইস্ক করে ফেটিয়ে নিতে হবে।
৪. এরপর ডিমের মিশ্রণে ভ্যানিলা এসেন্স ও দুধ মিশিয়ে নিতে হবে।
৫. শেষে ছাঁকনি দিয়ে মিশ্রণটি ছেঁকে রাখতে হবে।
#ধাপ ৩ : কেক তৈরি
উপকরণ :
ডিম ২টি, ময়দা আধা কাপ, চিনি আধা কাপের একটু কম, তেল বা বাটার কোয়ার্টার কাপ, তরল দুধ কোয়ার্টার কাপ, বেকিং পাউডার আধা চা চামচ স্ট্রবেরি ইমালশন আধা চা চামচ।
প্রস্তুত প্রণালি :
১. ডিমের সাদা অংশ ও কুসুম আলাদা করে নিতে হবে।
২. সাদা অংশে চিনি দিয়ে ২ মিনিটের মতো বিট করতে হবে যতক্ষণ না ফোম তৈরি হয়। (খেয়াল রাখতে হবে, ওভারবিট করলে ফোম বসে যাবে বা শক্ত হয়ে যাবে)
৩. অন্য পাত্রে ডিমের কুসুম, দুধ, তেল ও স্ট্রবেরি ইমালশন একসাথে ফেটিয়ে নিতে হবে।
৪. ময়দা ও বেকিং পাউডার ছেকে শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিতে হবে।
৫. এরপর শুকনো মিশ্রণটা কুসুমের মিশ্রণে দিয়ে ভালোভাবে মেশাতে হবে।
৬. শেষে ডিমের ফোমটা অল্প অল্প করে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিতে হবে, যেনো ফোম নষ্ট না হয়।
#ধাপ ৪ : সেট করা ও বেক করা
১. ওভেন ট্রেতে অর্ধেক পানি ভরে রাখতে হবে (এটা বেইন মেরি মেথড বা ওয়াটার বাথ)। (চুলায় তৈরি করলে পাত্রেও একইভাবে অর্ধেক পানি ঢালতে হবে)
২. ক্যারামেল দেওয়া মোল্ডে প্রথমে পুডিং মিশ্রণ ঢালতে হবে।
৩. পুডিংয়ের উপর আস্তে করে কেক ব্যাটার ঢেলে দিতে হবে।
৪. মোল্ডটা সাবধানে পানিভরা ট্রেতে বসিয়ে ৫০ থেকে ৬০ মিনিট বেক করতে হবে। (চুলায় তৈরি করলে ঢেকে মাঝারি আঁচে রান্না করতে হবে)
৫. টুথপিক ঢুকিয়ে চেক করতে হবে, যদি পরিষ্কার বেরিয়ে আসে, কেক তৈরি।
৬. ঠান্ডা হলে ফ্রিজে ২/৩ ঘণ্টা রেখে দিতে হবে।
#ধাপ ৫ : পরিবেশন
১. ঠান্ডা কেকের উপর একটি সার্ভিং প্লেট বসিয়ে উল্টিয়ে নিতে হবে।
২. উপর থেকে গলে আসা ক্যারামেল ও পুডিং লেয়ার ঝকঝকে দেখাবে – একদম পারফেক্ট!
৩. চাইলে উপরে কুচানো স্ট্রবেরি বা হুইপড ক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারেন।
কিছু জরুরী টিপস :
#ডিম বিট করার সময় ঠান্ডা ডিম ব্যবহার করলে ফোম ভালো উঠবে।
#ক্যারামেল পোড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।
#পরিবেশনের আগে কেকটা পুরোপুরি ঠান্ডা হওয়া খুব গুরুত্বপূর্ণ।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন