বগুড়া জেলার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের বুরুজ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে নানা অনিয়ম, দুর্নীতি ও কর্তৃত্ববাদী আচরণের অভিযোগে প্রধান শিক্ষক এমদাদুল হকের অপসারণ এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি পুনর্গঠনের দাবিতে এলাকাবাসী ও অভিভাবকবৃন্দ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।
রবিবার (১২ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। তারা হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন এবং দ্রুত প্রশাসনিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বক্তারা বলেন, প্রধান শিক্ষক এমদাদুল হক বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে অনিয়ম করছেন, শিক্ষক-কর্মচারী ও অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার করছেন এবং ইচ্ছেমতো পরিচালনা কমিটি গঠন করে নিজের স্বার্থ রক্ষা করছেন। এর ফলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে।
এলাকাবাসী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান সমাজের আলোকবর্তিকা, সেখানে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা মেনে নেওয়া যায় না। তাই অবিলম্বে তদন্ত করে প্রধান শিক্ষককে অপসারণ ও একটি স্বচ্ছ ম্যানেজিং কমিটি গঠনের দাবি জানানো হয়।
অন্যদিকে, প্রধান শিক্ষক এমদাদুল হক অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তার বিরুদ্ধে একটি মহল পরিকল্পিতভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তাকে হেয় করার জন্য।
এলাকাবাসী ও অভিভাবক সমাজ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন যাতে বিদ্যালয়ে শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ ফিরে আসে।

