ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে কাঙ্ক্ষিত আসনে জয়ের লক্ষ্যে বহুমাত্রিক যাচাই-বাছাইয়ের মধ্যদিয়ে প্রার্থী নির্বাচন করছে বিএনপি। তারই ধারাবাহিকতায় ইতোমধ্য বরিশাল বিভাগের কয়েকটি আসনের প্রার্থীদের গ্রিন সিগনাল দিয়েছে দলটি। গ্রিন সিগনাল পাওয়া প্রার্থীদের নিজ নিজ আসনের ভোটের মাঠে থাকার নির্দেশনা দেয়া হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
এসব আসনের মধ্যে বরিশাল-১ আসনে চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। বরিশাল-৩ আসনে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান। পটুয়াখালী-১ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। পটুয়াখালী-৪ আসনে বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন। ভোলা-২ আসনে হাফিজ ইব্রাহীম, ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। ভোলা-৪ আসনে নুরুল ইসলাম নয়ন, বরগুনা-১ আসনে জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লা, বরগুনা-২ আসনে ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, ঝালকাঠি-১ আসনে বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।
বিভাগের বাকী আসনগুলোর প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া চলমান। কাজেই সংক্ষিপ্ত সময়ের মধ্যে ঘোষণা করা হবে-সেগুলো হলো- আসনগুলো হলো-বরিশাল-২ আসনে বিএনপির নির্বাহী সদস্য সরফুদ্দিন আহমেদ সান্টু ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। বরিশাল-৪ আসনে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ও সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ। বরিশাল-৫ আসনের অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, আবু নাছের মো. রহমতুল্লাহ, বিলকিস আক্তার জাহান শিরীন। ভোলা-১ আসনে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর ও হায়দার আলী লেলিন। পটুয়াখালী-২ আসনে সাবেক সংসদ সদস্য শহীদুল আলম তালুকদার ও কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার ও মনির হোসেন। পটুয়াখালী-৩ আসনে নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন ও জোটের প্রার্থী গণঅধিকার পরিষদের আহবায়ক নূরুল হক নূর। ঝালকাঠি-২ আসনে সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু ও সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, পিরোজপুর-১ আসনে সাবেক আহ্বায়ক আলমগীর হোসেন ও সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান, পিরোজপুর-২ আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা মাহমুদ হোসাইন ও ব্যবসায়ী ফখরুল আলম, পিরোজপুর-৩ আসনে মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন দুলাল ও মঠবাড়িয়া পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম হুমায়ুন কবীর। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় থাকা নেতাদের মধ্য থেকেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে।
এ প্রসঙ্গে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক, উদার নৈতিক রাজনৈতিক দল। প্রত্যেকটি আসনে আমাদের একাধিক যোগ্যপ্রার্থী রয়েছে। অনেক আসনে ৫ থেকে ৮ জনের মতো প্রার্থী আছে। এখন আমরা নিয়মতান্ত্রিকভাবে প্রার্থী বাছাইয়ের কাজ করছি। শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য ‘গ্রিনসিগন্যাল’ দেব।

