বলিউডের ইতিহাসে এমন অনেক অভিনেত্রী আছেন, যাঁরা শূন্য থেকে শুরু করে রাতারাতি পরিচিতি পেয়েছেন; পরে আবার হঠাৎই হারিয়ে গেছেন। কিমি কাতকার তেমনই একজন। ১৯৮০-এর দশকে বলিউডে তিনি ছিলেন আলোচিত ও সাহসী অভিনেত্রীদের একজন।
টারজান থেকে তোলপাড়: কিমির উত্থান
কিমি বলিউডে পা রাখেন ‘পাতথর দিল’ (১৯৮৫) সিনেমার মাধ্যমে। একই বছর তিনি ‘অ্যাডভেঞ্চার অব টারজান’-এ প্রধান চরিত্রে অভিনয় করেন। হেমন্ত বীরজের সঙ্গে জুটি বেঁধে তিনি দর্শকদের মন মাতিয়ে দেন। তবে এ ছবিতেই একটি নগ্ন দৃশ্যে অভিনয় করে রাতারাতি আলোচনায় আসেন। মনে করা হচ্ছিল, আগামীতে তিনি বলিউডের জনপ্রিয় অভিনেত্রীর একজন হবেন। দৃশ্যটি নিয়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ‘সেই সময় আমি জানতাম না এই দৃশ্য কতটা বিতর্কিত হবে। কিন্তু অভিনয় আমার জন্য সব সময় ছিল সত্যিই একটি চ্যালেঞ্জ।’
আলোচিত সেই গান
১৯৯১ সালে কিমি ‘হাম’ সিনেমায় অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেন। সিনেমার গান ‘জুম্মা চুম্মা দে দে’ আজও আলোচিত। লাল রঙের উজ্জ্বল পোশাকে কিমির নাচের দৃশ্য দর্শকদের মনে আজও অম্লান। এই গান কিমিকে শুধুই জনপ্রিয় করেনি, বরং বলিউডে তাঁর অবস্থানকে স্থায়ী করেছে। ‘গানটি ছিল একেবারে আলাদা। সেটের আলো, বিট এবং অমিতাভজি; সব মিলিয়ে অভিজ্ঞতা ছিল অসাধারণ’, পরবর্তী এক সাক্ষাৎকারে বলেন কিমি।
আরও সিনেমা
কিমির অন্যান্য উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘মেরা লাহো’, ‘দরিয়া দিল’, ‘ঘর কাহানি’, ‘খুন কা কর্জ’ ইত্যাদি। তিনি অনিল কাপুর ও গোবিন্দর সঙ্গে জুটি বেঁধে অনেক ছবিতে অভিনয় করেছেন। এ ছাড়া কাজ করেছেন ঋষি কাপুর, ধর্মেন্দ্র, জিতেন্দ্র, বিনোদ খান্নাসহ অনেকের সঙ্গে।
