টাঙ্গাইলের ভূঞাপুরে প্রিন্সিপাল ইবরাহীম খার ১৩১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে রচনা, চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টায় ইবরাহীম খাঁ জামে মসজিদ প্রাঙ্গণে প্রিন্সিপাল ইবরাহীম খাঁ পাঠাগার এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু আবদুল্লাহ খান।প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। মোহাম্মদ রাজিব হোসেন। অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সূর্য তরুণ ক্লাবের ফাউন্ডার ও প্রিন্সিপাল ইবরাহীম খার নাতি আতিকুল হাবিব। এ সময় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা থেকে প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রাণবন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দুই ঘণ্টাব্যাপী দুই ধাপে প্রতিযোগিতা সম্পন্ন হয়। পরে অনুষ্ঠানে বক্তারা প্রিন্সিপাল ইবরাহীম খার জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা করেন। বক্তব্য রাখেন ভূঞাপুর ইবরাহীম খাঁ পাঠাগারের সম্পাদক ও ইবরাহীম খাঁ সরকারি কলেজের প্রভাষক মো. আনোয়ার হোসেন, মর্নিং সান স্কুলের প্রতিষ্ঠাতা খায়রুজ্জামান ভূঞা, ইবরাহীম খাঁ কলেজের সাবেক প্রভাষক মির্জা মহিউদ্দিন, সাবেক প্রভাষক মো. মোস্তফা হাসান মিন্জু এবং কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এম. কে. হাতেম প্রমুখ। ইবরাহীম খাঁ পাঠাগারের সহসাধারণ সম্পাদক ও কালবেলা পত্রিকার ভূঞাপুর প্রতিনিধি মো. মিজানুর রহমানের সঞ্চালনায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

