বগুড়া সদর উপজেলার শেখেরকোলা, শাখারিয়া, লাহিড়ীপাড়া ও গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের বুক চিরে বয়ে গেছে এক অপার সৌন্দর্য ও জীবনের নাম—নুরইল বিল। দুই প্রান্তে সারি সারি গ্রাম যেন ঘিরে রেখেছে এই বিলকে ভালোবাসার পরম ছায়ার মতো। একদিকে লাহিড়ীপাড়া ইউনিয়নের ডেকড়া হিন্দুপাড়া, পূর্বপাড়া, বিদুপাড়া, অপরদিকে শেখেরকোলা ইউনিয়নের নুরইল, শেখেরকোলা, শাখারিয়া চলিতাবাড়ি এবং গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের তেজপাড়া, নিশুপাড়া—সব গ্রামের বুক বেয়ে যেন এই বিল জীবনের প্রবাহ তৈরি করেছে।
বর্ষাকালে বিলটি কানায় কানায় পানিতে ভরে যায়। চোখের সামনে যতদূর দৃষ্টি যায়, কেবলই পানি আর পানি। পানির বুকে ঢেউ খেলে যায় বাতাসে, আর সেই ঢেউয়ে শাপলা ফুল দোল খায় মায়ার মতো। হাজারো শাপলা ফুটে থাকে পানির ওপর। নানান রঙের শাপলা—সাদা, গোলাপি, বেগুনি—দেখে মনটা ভরে ওঠে। বিশেষ করে ভোর বেলা ও সূর্যাস্তের সময় যখন সূর্যের আলো পানির ওপর পড়ে, সেই আলো আর শাপলার মিলনে সৃষ্টি হয় এক স্বর্গীয় দৃশ্য। এ যেন প্রকৃতির এক দুর্লভ উপহার। শাপলার এমন রাজ্য দেখে সোশ্যাল মিডিয়ায় এই বিল এখন পরিচিত ‘শাপলা বিল’ নামে।
ডেকড়া হিন্দুপাড়ার জেলেরা প্রতিদিন সকালে নৌকা নিয়ে বের হন মাছ ধরতে। সারাদিন এই বিলে কাটে তাদের। বর্ষার পানিতে মাছের আনাগোনা অনেক বেশি, আর এখানকার মাছের স্বাদও অত্যন্ত সুস্বাদু। শুধু মাছ নয়, শুষ্ক মৌসুমে যখন পানি কমে যায়, তখন চারপাশের জমিগুলোতে আবাদ হয় ধান, সবজি, আর চরে গরু-মহিষ চরে বেড়ায়। মাঝখানের কিছুটা অংশে পানি থেকে যায়, আর সেখান থেকেও চলে মাছ ধরা—বছরজুড়েই যেন জীবনের লড়াই আর প্রকৃতির আশীর্বাদ পাশাপাশি হাঁটে।
শীতকালে অতিথি পাখির আগমন ঘটে। কুহু কুহু শব্দে মুখরিত হয়ে ওঠে চারদিক। নীরব বিল তখন সুরের ঝংকারে জেগে ওঠে। প্রকৃতির এই মধুরতা যে কোনো মানুষকে টেনে আনে। আর এমনই এক গ্রামের নাম ডেকড়া, আর এই বিল তার গর্ব, তার অহংকার।
আমি এই ডেকড়া গ্রামের সন্তান। এই বিলের জল, বাতাস, শাপলা, ঢেউ, মাছ, কুয়াশা, রোদ্দুর—সব আমার প্রাণের একেকটা ধ্বনি। নুরইল বিল শুধু একটা জলাভূমি নয়, এটা আমাদের আবেগ, আমাদের অস্তিত্ব। শাপলা ফুল যেমন দুলে দুলে বিলকে রাঙায়, তেমনি আমাদের মনের ক্যানভাসেও আঁকে ভালোবাসার রঙ।
এটি শুধু একটি বিল নয়, এটি আমাদের আত্মার কাছের, হৃদয়ের গভীর থেকে অনুভূত এক প্রিয় স্থান। প্রকৃতির অপার সৌন্দর্য আর জীবনের সরল রূপ একসাথে মিলেমিশে তৈরি করেছে এই নুরইল বিলকে, যা সত্যিকার অর্থে এক জীবন্ত রূপকথা।

