
শামীমা ইসলাম বর্ষা
আমি পাহাড়ের সামনে থমকে গেছি
ভেবেছি এটাই তুমি
তুমি ফেলে যাও ছুটে যাও
পাহাড় যদি সামনে দাঁড়ায় বলে দিও তুমি হতে পারো নি তার মত
আটকে দিতে পারোনি
আমার অজানা গন্তব্যের পথ।
আমি আকাশে তাকিয়ে তোমায় খুঁজেছি
ভেবেছি এখানেই তুমি
তুমি চলে যাও দিগন্ত ছুঁয়ে হারিয়ে যাও
আকাশ যদি থমকে যায়
তুমি আকাশকে বলে দিও
তুমি হতে পারো নি তার মত
নৈঃশব্দ্যের গহীনে
আগলে রাখতে পারোনি ধ্রুবতারার মত।
দিন শেষে অপেক্ষার প্রহর গুনেছি
এই তুমি আসবে
বলবে, নিরুপমা আমি কি তোমার কবিতা?
তুমি ভুলে যাও অসীম নিঃশব্দে হেঁটে যাও
গোধূলির বুকে হারিয়ে যাওয়া আলোকে বলে দিও
তুমি হতে পারো নি তার মত
চলে যাওয়া পথটুকুর
রাঙা চিহৃ ছুঁয়ে
ডুবিয়ে রাখোনি হৃদয়ের অতলে
সমুদ্রের মত ডুবন্ত সূর্যকে।
আমি বহু ক্রোশ হেঁটে
আমি শত সহস্র কথাদের ভীড়ে
তোমাকেই বুনেছি
তোমাকে ই রচেছি
আর অন্তধান পথে নিঃশব্দে গমন করেছি।
