কৃষক জমি চাষ করে
মাঠে ফলান শস্য,
চিত্রকর রং-তুলি দিয়ে
আঁকেন কত দৃশ্য।
কামার গড়েন লোহা দিয়ে
কাস্তে-কুড়াল, দা-বটি,
কুমার গড়েন মাটি দিয়ে
হাঁড়ি-পাতিল, কলস-ঘটি।
জেলে ধরেন জাল দিয়ে
নানা রকম মাছ,
কাঠুরিয়া কুঠার দিয়ে
কাটেন কতো গাছ।
কবি মনের ভাব মিশিয়ে
কতো কবিতা লেখেন,
বিজ্ঞানী অণুবীক্ষণ দিয়ে
কতো কী যে দেখেন।
সাংবাদিক কলম দিয়ে
লিখেন সত্য ঘটনা,
সাহিত্যিক ভাব-রস দিয়ে
লিখেন কতো রচনা।
মিস্ত্রি ইট, কাঠ দিয়ে
গড়েন ঘর-বাড়ি,
তাঁতিগণ সুতা দিয়ে
বুনেন সুন্দর শাড়ি ।
দর্জিগণ সেলাই করে
বানান জামা কাপড়,
গৃহকর্মী ধুয়ে-মুছে
সাজান বাড়ি-ঘর।
শিক্ষকগণ শিক্ষা দিয়ে
গড়েন শিক্ষিত সমাজ,
যার যেই পেশা, তিনিই
করেন সেই কাজ।
সুইপার পরিষ্কার করে
পরিচ্ছন্ন রাখেন পরিবেশ,
সব পেশাজীবীর কথা
বলে বা লিখে হবে না শেষ।
